নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি জনসভায় মুফতি আমির হামজা প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে জনসম্মুখে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন। তার এই বক্তব্যের ভিডিওচিত্র পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
লিগ্যাল নোটিশে আরও অভিযোগ করা হয়, সংসদ সদস্য আমির হামজা কেবল তুচ্ছতাচ্ছিল্যই করেননি, বরং ফজলুর রহমানকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর হুমকি প্রদান করেছেন। আবেদনকারীর দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে প্রবীণ ও সম্মানিত এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় ফজলুর রহমানের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অনুভূতিতে চরম আঘাত লেগেছে। এতে তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদাহানি ঘটেছে বলেও নোটিশে দাবি করা হয়।
এই মানহানিকর বক্তব্যের প্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে এবং সংসদ সদস্যের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।