স্টাফ রিপোর্টার মো: নান্নু মিয়া
মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) বিকেলে ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মানিকুজ্জামান (মানিক), সাবেক সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি ও সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী মিস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক মো: জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আলী খান, সাধারণ সম্পাদক সবুজ বেপারী,ঘিওর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশা করিমসহ বিএনপি'র ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর অপরাধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, মাদক ও ইভটিজিং আজ সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে মীর মানিকুজ্জামান (মানিক) বলেন, “মাদক ও ইভটিজিংমুক্ত ঘিওর গড়ে তুলতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে। সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
সভা শেষে মাদক, ইভটিজিং ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।