স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জের দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০২ জুন) রাত ১২টা ০৫ মিনিটে উপজেলার চকমিরপুর এলাকার চেয়ারম্যান বাড়ীর মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দৌলতপুর থানাধীন চক মিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু রায়হানের নেতৃত্বে একটি টিম নিয়মিত রাত্রীকালীন মোবাইল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে তাঁর নির্দেশনায় পুলিশ ফোর্স সেখানে অভিযানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের কাছ থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য চার হাজার টাকা।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ: ০২/০৬/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নয়ন মিয়াকে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।