স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ, নগদ অর্থ এবং প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৫ জুন) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর এবং ধামশ্বর ইউনিয়নের নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে মোট দুইশত মানুষের হাতে এই উপহার ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলারক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার সার্বিক উন্নয়নে কাজ শুরু হয়েছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও ইভটিজিং নির্মূল করতে প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সমাজ থেকে তাদের বিতাড়িত করার আহ্বান জানান তিনি।
কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।