স্টাফ রিপোর্টার | নান্নু মিয়া
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়পয়লা এলাকায় ওয়ারিশান সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি জমি পরিমাপ এবং একতরফা দখলদারিত্বের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টায় পয়লা বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়ারিশান সম্পত্তির দলিলে বর্ণিত ভোগদখল উপেক্ষা করে এবং অন্যান্য অংশীদারদের (ওয়ারিশ) অনুপস্থিতিতে প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে একতরফাভাবে জমি পরিমাপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার এমন পক্ষপাতমূলক কর্মকাণ্ডে ভুক্তভোগীদের দীর্ঘদিনের ভোগদখল ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ন হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
বক্তারা আরও জানান, এসি ল্যান্ডের এমন একক ও বেআইনিভাবে জমি পরিমাপের বিষয়ে প্রতিবেশী মিজানুর রহমান প্রতিবাদ জানালে তাঁকে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি ও অনতিবিলম্বে তাঁর অপসারণের জোর দাবি তোলেন।
এই বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।