স্টাফ রিপোর্টার | নান্নু মিয়া
ঢাকার আশুলিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আশুলিয়া থানা প্রেস ক্লাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আশুলিয়া থানা এলাকায় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, শামীম নামের এক মাদক ব্যবসায়ীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বর্বরোচিত হামলা সংঘটিত করে। হামলায় দুই সংবাদকর্মী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই ঘটনার পর থেকে স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ, অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে। আশুলিয়া থানা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরতে কাজ করেন। তাদের ওপর এমন কাপুরুষোচিত হামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপর এক বড় আঘাত। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার মূলহোতাসহ সকল হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহলও। মুক্ত গণমাধ্যমের স্বার্থে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন