নান্নু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা রেজাউল করিম, নায়েবসহ কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট।
নাম প্রকাশে অনিচ্ছুক সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করেছেন, নিয়ম অনুযায়ী সরকারি ফি জমা দিয়ে কাজ করতে গেলে নানা অজুহাতে ফাইল ঝুলিয়ে রাখা হয় এবং অযথা হয়রানি করা হয়। ফলে অধিকাংশ মানুষ বাধ্য হয়ে দালালদের দ্বারস্থ হন। এসব দালাল অতিরিক্ত অর্থ নিয়ে দ্রুত কাগজপত্র তৈরি বা নামজারি, খতিয়ান সংশোধনসহ নানা ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করে দেয়ার আশ্বাস দিয়ে থাকে।
একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “একটি খতিয়ান বা নামজারি করতে হলে সরকারি ফি’র চেয়ে তিন-চারগুণ বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়।”
স্থানীয়দের দাবি, এ সিন্ডিকেটের পেছনে ভূমি অফিসের কিছু কর্মকর্তার প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। ফলে সরকারি সেবা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, পাশাপাশি অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালালচক্র। এতে সাধারণ মানুষ একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে দুর্নীতির শিকড়ে জড়িয়ে পড়ছে সরকারি অফিস।
ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মন্তব্য করুন