স্টাফ রিপোর্টার | নান্নু মিয়া
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নির্মাণাধীন একটি কালভার্ট ব্রিজের কাজের অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা প্রতিনিধি মো. ওবায়দুর রহমানকে মারধর করে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২৭ মে) দুপুরে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশে জমা দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, উলাইল বাজার এলাকায় একটি নির্মাণাধীন কালভার্ট ব্রিজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান সাংবাদিক ওবায়দুর রহমান। সেখানে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করেন তিনি। এরপর কাজের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য নিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন।
পথিমধ্যে ঠিকাদার মো. সোহেলসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। ওবায়দুর নিজের সাংবাদিক পরিচয় দিলেও হামলাকারীরা তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং টেনেহিঁচড়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে কাঠের বাটাম, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
হামলাকারীরা সাংবাদিক ওবায়দুরের কাছে থাকা ক্যানন ব্র্যান্ডের একটি ডিএসএলআর ক্যামেরা এবং কোরবানির গরু কেনার উদ্দেশ্যে হাটে নিয়ে যাওয়ার জন্য রাখা নগদ ১ লাখ ২০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ওবায়দুরকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ঠিকাদার মো. সোহেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে কর্মরত একাধিক শ্রমিক মারধরের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় মানিকগঞ্জের স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন