মো: জাকির হোসেন
বিশেষ প্রতিনিধি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পরীক্ষাপদ্ধতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রস্তাবিত নিয়োগবিধি অনুযায়ী মোট ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
এনটিআরসিএর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মোট নম্বরের মধ্যে ৬০ শতাংশ এমসিকিউ অথবা লিখিত পরীক্ষার মাধ্যমে এবং বাকি ৪০ শতাংশ শিক্ষাগত যোগ্যতার সনদ ও ভাইভা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রস্তাব অনুযায়ী, এই ৪০ নম্বরের মধ্যে ভাইভায় ২০ নম্বর এবং শিক্ষাগত সনদের জন্য ২০ নম্বর রাখার সুপারিশ করা হয়েছে।
সূত্র জানায়, বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে লিখিত পরীক্ষা ৬০ নম্বরে নেওয়া হবে। এ পরীক্ষা ছয়টি বিষয়ের ওপর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সভায় এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এছাড়া উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান, তিন অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রস্তাবিত এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য ও মেধাবী শিক্ষকরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হবেন। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠা নিয়োগ বাণিজ্য অনেকাংশে কমে আসবে বলেও তারা মনে করছেন।
মন্তব্য করুন