বিকাশ স্বর্ণকার, বগুড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বগুড়ার সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে সাহস, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার সোনাতলা উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
“ভোটের দিন চোখ-কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব, অবহেলা কিংবা গাফিলতির সুযোগ নেই। নির্বাচন একটি পবিত্র দায়িত্ব, এখানে সামান্য ভুলও বড় অস্থিরতা তৈরি করতে পারে।”
তিনি আরও বলেন,
“ভোটকেন্দ্রে বয়স্ক, প্রতিবন্ধী ও অন্ধ ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র পরিবারের সদস্য ব্যতীত অন্য কেউ যেন গোপন কক্ষে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটকক্ষে অযথা ভিড় জমতে দেওয়া যাবে না।”
প্রার্থীদের দেওয়া কোনো ধরনের খাবার বা আপ্যায়ন গ্রহণের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে ডিসি বলেন,
“কোনো প্রার্থীর দেওয়া খাবার খেলেন তো মনে করবেন বিষ খেলেন। এতে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনোভাবেই যেন নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান,
“বডি ক্যামেরাযুক্ত পুলিশ সদস্য ছাড়াও র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদিন মাঠে থাকবেন। কেউ যদি ফেসবুক বা সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে গুজব ছড়ায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।”
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন, সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, নাজির আখতার কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারগণ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের সাবলীল ও স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জেলা প্রশাসক নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এতে প্রিজাইডিং অফিসারদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা আরও জোরদার হয়।
মন্তব্য করুন