নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে দৈনিক করতোয়ার প্রতিনিধি ও স্থানীয় সিনিয়র সাংবাদিক এম শাহীন আলমকে দফায় দফায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন মুরাদের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা চুরা জাহিদ ওরফে দালাল শামীমের ঘনিষ্ঠ মীর সাজিদসহ একটি চক্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তাকে এ পর্যন্ত মোট ১৪ বার বিভিন্ন কায়দায় হত্যার চেষ্টা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ও লিখিত অভিযোগে এম শাহীন আলম জানান, অভিযুক্ত মীর সাজিদ তার পূর্বপরিচিত হওয়ার সুবাদে বন্ধু সেজে তার বাসায় প্রবেশ করেন। সেখানে খাবারের সঙ্গে কৌশলে বিষ প্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। এর আগেও তাকে চলন্ত গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার অপচেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, একের পর এক ষড়যন্ত্র করেও যখন তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে চক্রটি, তখন এখন তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সাংবাদিক শাহীন আলম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি একটি চিহ্নিত মহলের রোষানলে পড়েছি। আমাকে বিষ খাইয়ে এবং গাড়ি চাপা দিয়ে মোট ১৪ বার মারার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ আমাকে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি।”
তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এবং নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, একজন সংবাদকর্মীর ওপর এমন নৃশংস ও ধারাবাহিক হামলার চেষ্টার খবরে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিক নেতারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন