নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান বর্ষণ উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে “বর্ষণ ইলেকট্রিক” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে বর্ষণ উল্লেখ করেন, ব্যবসা প্রতিষ্ঠান থানার নিকটে হওয়ায় বর্তমান ওসি মোতালেব হোসেন-এর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের ১ জানুয়ারি ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে সেটি কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ।
ভুক্তভোগী জানান, প্রথমে সুসম্পর্ক তৈরি করে পরে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। এমনকি থানার মসজিদে বিভিন্ন কাজ করিয়ে বিল আদায়ের জন্যও তার দোকানে পাওনাদার পাঠানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে তিনি ব্যবসা পরিচালনা ও বাড়ির বাইরে যাওয়া নিয়ে আতঙ্কে রয়েছেন। অভিযুক্ত ওসির বদলি ও বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছেন। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায় উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে বিতর্কিত করতে চক্রান্ত হতে পারে। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান।
এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন