স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আশুলিয়া থানা কমিটি। বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
নিসচা আশুলিয়া থানা কমিটির সভাপতি জি এম মিন্টুর নেতৃত্বে সংগঠনের জেলা ও থানা পর্যায়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জি এম মিন্টু সাম্প্রতিক সময়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনাসহ দেশজুড়ে ক্রমবর্ধমান দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, স্বাধীনতার এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক একটি নিরাপদ বাংলাদেশ গড়া। সড়ক দুর্ঘটনা রোধে কেবল আইন নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সাবধানতা সবচাইতে জরুরি। অকালে একটি প্রাণও যেন ঝরে না যায়, সেজন্য সবাইকে ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ সড়ক আন্দোলনের এই বার্তাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন