আন্তর্জাতিক ডেস্ক:
শান্তি আলোচনার পথে বড় ধরনের সদিচ্ছা প্রদর্শন করল ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক বিবৃতিতে ট্রাম্প জানান যে ইরান থেকে আসা এই পদক্ষেপটি আমেরিকার প্রতি একটি বিশেষ উপহার। তিনি দাবি করেন, তেহরান আলোচনার বিষয়ে তাদের আন্তরিকতা প্রমাণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত মঙ্গলবারও ট্রাম্প তাকে একটি ‘দামি উপহার’ পাঠানোর কথা উল্লেখ করেছিলেন, যদিও সে সময় তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আন্তরিক। সেই আন্তরিকতার নিদর্শন হিসেবে প্রাথমিকভাবে আটটি বড় তেলের ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে আরও দুটি জাহাজকে যাওয়ার অনুমতি দেয় তেহরান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ১০টি জাহাজই পাকিস্তানের পতাকাবাহী ছিল। দীর্ঘদিন ধরে চলা দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে ইরানের এই নমনীয় অবস্থানকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। মূলত ওয়াশিংটনের সাথে নতুন করে আলোচনার দ্বার উন্মোচন করতেই ইরান এই কৌশলগত ছাড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন