ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। বাছাইপর্বের বাঁচা-মরার লড়াইয়ে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফের ফাইনালে পা রেখেছে আজ্জুরিরা।
নিজেদের ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইতালি। বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে উত্তর আয়ারল্যান্ডের রক্ষণব্যূহ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৫৬ মিনিটে ডেডলক ভাঙেন মিডফিল্ডার সান্দ্রো তোনালি। তার চোখ ধাঁধানো গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালি। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইতালিয়ান ডিফেন্সের সামনে সুবিধা করতে পারেনি উত্তর আয়ারল্যান্ড।
ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ময়জে কিন। জেনারো গাত্তুসোর শিষ্যদের হয়ে তার করা এই গোলেই ইতালির জয় নিশ্চিত হয়ে যায়। ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ৩১ মার্চ প্লে-অফের মহাগুরুত্বপূর্ণ ফাইনালে বসনিয়ার মুখোমুখি হবে ইতালি। ২০১৪ সালের পর বিশ্বমঞ্চে ফেরার স্বাদ পেতে হলে সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আজ্জুরিদের সামনে।
মন্তব্য করুন