নিজস্ব প্রতিবেদক:
দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও সুসংহত এবং তদারকি জোরদার করতে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনো ধরণের অনিয়ম বা কৃত্রিম সংকট রোধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হবে।
এই দুই মহানগরের পাম্পগুলোতে তদারকির মূল দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) তাদের অধিক্ষেত্রের প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেবেন। উপজেলা পর্যায়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। তারা প্রতিদিনের জ্বালানি মজুত, বিক্রি ও সরবরাহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে ট্যাগ অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিস্তারিত তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে পাম্প পর্যায়ে জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত হবে এবং যে কোনো ধরণের কালোবাজারি বা কৃত্রিম সংকট রোধ করা সম্ভব হবে।
মন্তব্য করুন