ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিশেষ বিবৃতিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।
সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে ‘সরকার আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে’ মর্মে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এলে জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের সই করা একটি বিবৃতির মাধ্যমে এর ব্যাখ্যা দেওয়া হয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এবং আগের অবস্থানই বর্তমানে বহাল আছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আইপিএল সম্প্রচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখান থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতেই সরকার পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আজকের এই বিবৃতির মাধ্যমে সরকার সেই বিভ্রান্তি নিরসন করে বর্তমান আইনি ও প্রশাসনিক অবস্থান পরিষ্কার করল।
মন্তব্য করুন