নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকেলে ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া সংসদ অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। সংসদ সদস্যদের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকার ঘোষণা দিয়ে তিনি জানান, নিরপেক্ষতা বজায় রাখতেই তিনি ইতোমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
যুক্তরাজ্যে ওয়েস্টমিনস্টার স্টাইলের সংসদীয় গণতন্ত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি স্পিকার। এদিন স্পিকারের অনুপস্থিতিতে তার সভাপতিত্বেই সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতে চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে আখ্যায়িত করে তিনি প্রধানমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও মীর মুগ্ধসহ সকল শহীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই অভ্যুত্থান দেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের নতুন দ্বার উন্মুক্ত করেছে।
বর্তমান সংসদকে বিশ্বের ইতিহাসে ‘বিরল’ ও ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে কায়সার কামাল বলেন, এই সংসদের সদস্যরা চরম জুলুম, নির্যাতন, আয়নাঘর এবং দীর্ঘ নির্বাসন কাটিয়ে জনরায়ে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি নিজেকে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে এই মহান দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। হজরত আবু বকর (রা.)-এর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে তিনি বলেন, সরকার ও বিরোধী দল একে অপরের প্রতিপক্ষ নয়, বরং তারা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। তিনি সঠিক পথে থাকলে সবার সমর্থন এবং ভুল করলে তা শুধরে দেওয়ার আহ্বান জানান।
এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন