নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসের ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
জ্বালানি আমদানির বর্তমান অবস্থা তুলে ধরে তিনি জানান, সরকারের কাছে বর্তমানে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া আগামী এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে আসন্ন মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে খুবই কম, তাই এগুলো নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল। এই ডিজেলের বড় একটি অংশ ব্যবহৃত হয় কৃষি খাতের সেচ কাজে এবং গণপরিবহনে। ফলে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের জন্য এখন প্রধান অগ্রাধিকার।
সংবাদ সম্মেলনে মুখপাত্র আরও জানান, বিদ্যমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সাশ্রয়ী নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকার গভীরভাবে চিন্তাভাবনা করছে। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর মতো বিকল্প কর্মসূচিগুলো সক্রিয় বিবেচনায় রয়েছে। দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন