নিজস্ব প্রতিবেদক:
সরকারি দপ্তরে কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ কার্যকর করার অনুরোধ জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ব নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময় খেয়াল রাখতে হবে যেন এই সময়সীমার কোনো ব্যত্যয় না ঘটে। সাম্প্রতিক সময়ে এসব নির্দেশনা পালনে শিথিলতা পরিলক্ষিত হওয়ায় নতুন করে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া অফিস চলাকালীন এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস ত্যাগের সময় কক্ষের লাইট, ফ্যান, এসি, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম নিজ দায়িত্বে বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখা যাবে না এবং সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অফিসের কাজের পরিবেশ উন্নত করতে কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়কে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনাগুলো প্রতিপালন করা অত্যন্ত জরুরি বলে নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন