স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদে সরকারি বিধি বহির্ভূতভাবে অফিস পরিচালনার অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী সকাল ৯টায় কার্যক্রম শুরুর কথা থাকলেও এ পরিষদে তা মানা হচ্ছে না। কর্মকর্তাদের সময়ানুবর্তিতার ঘাটতিতে প্রতিদিন সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মূল ফটক তালাবদ্ধ। জরুরি প্রয়োজনে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সেবা পাওয়ার আশায় দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করছেন।
একজন গ্রাম পুলিশ সদস্য জানান, পরিষদ সচিব ও চেয়ারম্যানের অফিসে আসার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রায়ই বেলা ১১টা কিংবা ১২টার আগে তাদের দেখা মেলে না। ফলে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন।
অফিস শুরুর নির্ধারিত সময় নিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তাদের অফিসের সময় সকাল ১০টা। অথচ প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হওয়ার কথা সকাল ৯টায়। অন্যদিকে, পরিষদের সচিব কাজী মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাঁর এই অনুপস্থিতি ও দায়িত্ব পালনে উদাসীনতা পরিষদের প্রশাসনিক স্থবিরতাকে আরও স্পষ্ট করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ের জনসেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের দায়িত্বহীনতা ও অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং এই অনিয়ম রোধে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন