নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডস্থ সরকারি বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্টেফান লিলার নিজেই।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশের কাঠামোগত সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান আবাসিক প্রতিনিধি। আলোচনার প্রধান বিষয় ছিল পুলিশ সংস্কার। মন্ত্রী এ সময় জানান যে, সরকার পুলিশের পুনর্গঠন, সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এই প্রক্রিয়াটি রাতারাতি সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন এবং এ কাজে ইউএনডিপির কারিগরি ও আনুষঙ্গিক সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানান।
ইউএনডিপির পক্ষ থেকে পুলিশ সংস্কারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। স্টেফান লিলার জানান, গত দেড় দশক ধরে সংস্থাটি জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া প্রণয়নে তারা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবাধিকার কমিশন অধ্যাদেশের সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের একটি গভীর সম্পর্ক রয়েছে। তাই বিষয়গুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে সংসদে বিল আকারে পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশটি নিয়ে মন্ত্রী তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং জানান যে, আইনটিতে অপরাধের মূল নির্দেশদাতাদের শনাক্ত করার বিষয়টি আরও স্পষ্ট করার জন্য অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিনিধিদলকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ক্যাম্পে নিরাপত্তার তদারকি আরও জোরদার করা হবে। তবে আইনি বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট তদন্তকারী কর্মকর্তার বাইরে অন্য কোনো সংস্থাকে তদন্তের ক্ষমতা দেওয়ার সুযোগ নেই বলে তিনি ব্যাখ্যা করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালী দয়ারত্নেসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন