নিজস্ব প্রতিবেদক:
সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আক্ষেপ প্রকাশ করে জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী বর্তমানে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে, যা আমাদের সামাজিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের বিভাজন মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষের জন্ম দেয়। তিনি ঘৃণ্য এই প্রবণতা পরিহার করে একে অপরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের ধর্মীয় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের সমাজ সব ধর্ম ও মতকে ধারণ করার ক্ষমতা রাখে। এখানে ইসলাম, সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। তাই ধর্মকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ বাংলাদেশে নেই।
উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সর্বাত্মক সমর্থনে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ও জনকল্যাণমূলক কাজ রয়েছে উল্লেখ করে তিনি দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন