স্টাফ রিপোর্টার: এস এ অলোক
কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সংক্রমণ নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইনফেকশন কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ (Infection Control and Prevention) শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে এএসএসইটি (ASSET) প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম সদর হাসপাতালের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় কুড়িগ্রাম সদর হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নুর নেওয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আ.ন.ম গোলাম মোহাইমেন, ডা. মো. ছাদেকুর রহমান, কনসালটেন্ট, বক্ষব্যাধি ক্লিনিক, কুড়িগ্রাম, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, আরএমও, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামের ইনচার্জ মোছা. নীহার বানু। এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ যথাক্রমে— মো. জহির রায়হান, করুনা রানী রায়, শিখা রানী ঢালী, শাহিনুর পারভিন, মোছা. রাজিয়াতুল হুমায়রা, মোছা. পেয়ারা খাতুন এবং জব প্লেসমেন্ট অফিসার মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং স্বাস্থ্যকর্মীদের রোগ সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সঠিক নিয়মে হাত ধোয়া, বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই প্রশিক্ষণ নার্সদের দক্ষতা বৃদ্ধি করবে, যা সরাসরি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
দিনব্যাপী চলা এই কর্মশালায় অংশগ্রহণকারী নার্সদের বাস্তবমুখী প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন