নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে নুর উদ্দিন (২৫) নামে এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক ব্যক্তি তার ১১ বছর বয়সী ছেলেকে ওই মাদ্রাসার বোর্ডিংয়ে রেখে হিফজ পড়াচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে ছেলের এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, শিক্ষক নুর উদ্দিন দীর্ঘ দিন ধরে গভীর রাতে তার ছেলেকে নিজের কক্ষে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
খবর পেয়ে ভুক্তভোগীর বাবা দ্রুত মাদ্রাসায় পৌঁছান এবং ছেলের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে নিশ্চিত হন। এ সময় এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ওই শিক্ষক আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই ধরনের আচরণ করেছেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণ ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মুজিবনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু নির্যাতনের ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন