নিজস্ব প্রতিবেদক | বগুড়া
দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারঘোষিত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে তাঁর পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির সূচনা করা হয়।
দুপুর পৌনে ২টার দিকে প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শিশুস্বাস্থ্য রক্ষা সরকারের অন্যতম সফল উদ্যোগ এবং দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, একটি শিশুও যেন এই টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক এবং রাজনৈতিক নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীকে নিজ এলাকায় কাছে পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শুরুতে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। একই স্থান থেকে তিনি বগুড়াসহ দেশের মোট সাতটি জেলায় বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে ডিজিটাল ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থার উদ্বোধন করেন। এরপর তিনি দেশের ১৩তম মহানগর হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন