নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশে চলমান জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজকের বৈঠকে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন।
প্রধানমন্ত্রী তার প্রস্তাবে জানান, সংকট মোকাবিলায় গঠিত এই কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে ৫ জন সদস্য নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের পক্ষ থেকেও ৫ জন সদস্যের নাম আহ্বান করেছেন তিনি। মোট ১০ সদস্যের এই যৌথ কমিটি জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধানের পথ খুঁজবে।
সংসদে সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জাতীয় স্বার্থে গঠিত এই কমিটির জন্য তারা দ্রুততম সময়ের মধ্যে ৫ জন সদস্যের নাম চূড়ান্ত করে জমা দেবেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (২২ এপ্রিল) সংসদের অধিবেশনে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ কমাতে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা। আজ সেই প্রস্তাবে সাড়া দিয়ে সরকারি দল কমিটি গঠনের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান।
সংসদীয় গণতন্ত্রের চর্চায় সরকার ও বিরোধী দলের এমন ঐকমত্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন