স্টাফ রিপোর্টার | নান্নু মিয়া
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিস (তহসিল অফিস) ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দালালচক্রের উৎপাত চরমে পৌঁছেছে। এতে চরম ভোগান্তি ও নাজেহালের শিকার হচ্ছেন সাধারণ সেবাপ্রার্থীরা।
অভিযোগ উঠেছে, এই অফিসগুলোতে অতিরিক্ত টাকা ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। বৈধ কাজের জন্যও বিভিন্ন ক্যাটাগরির অজুহাতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলে সাধারণ ভূমিসেবা গ্রহীতারা কার্যত দালাল ও ওমেদারদের (অননুমোদিত বহিরাগত সহকারী) কাছে জিম্মি হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলিয়া ভূমি অফিসকে কেন্দ্র করে আশপাশে ১০টিরও বেশি দালালি সিন্ডিকেটের অফিস গড়ে উঠেছে। এসব অননুমোদিত অফিসের মাধ্যমেই অধিকাংশ সেবাপ্রার্থীর ফাইল প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একাধিক ওমেদার যুক্ত রয়েছেন, যাদের দিয়ে অফিসের দাপ্তরিক ও আনুষ্ঠানিক কাজ করানো হচ্ছে।
ভুক্তভোগীদের তথ্যমতে, নামজারি বা মিউটেশনের আবেদন নিয়ে অফিসে গেলেই প্রথমে কাজটি কোন ‘শ্রেণীর’ তা জানতে চাওয়া হয়। কাজের সেই শ্রেণী বা প্রকারভেদের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় দাবিকৃত টাকার পরিমাণ।
নিয়ম অনুযায়ী আশুলিয়া এসিল্যান্ড অফিসে সরাসরি শুনানিতে অংশ নিলে কানুনগোকে মূল দলিল দেখাতে হয়, যা বেশ সময়সাপেক্ষ বিষয়। সাধারণ গ্রাহকরা সরাসরি গেলে দিনের পর দিন ঘুরতে হয়। অথচ দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে সেই একই কাজ মাত্র দুই-একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়।
অনুসন্ধানে জানা গেছে, শিমুলিয়া তহসিল অফিসে মান্নান, আজিজ ও আশিকসহ একাধিক ব্যক্তি এই দালালচক্র পরিচালনা করছেন। আর এই পুরো চক্রটি নিয়ন্ত্রণ করেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নৈশপ্রহরী মানিক। এই মানিকের বিরুদ্ধে এর আগেও গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলেও তিনি বহাল তবিয়তে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এসব অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে আশুলিয়া রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
স্থানীয়দের অভিযোগ, ভূমিসেবা সহজীকরণে ভূমি মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা ও নানামুখী উদ্যোগ থাকলেও শিমুলিয়া অফিসে তার কোনো প্রতিফলন নেই। এই পরিস্থিতিতে দালালমুক্ত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ সেবাগ্রহীতারা।
মন্তব্য করুন