স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারি দপ্তরসমূহের কাজের গতিশীলতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকল বিভাগীয় প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর সরকারি প্রতিটি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়, সেদিকে কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র ত্বরান্বিত করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ার নির্দেশনা দেন এই জনপ্রতিনিধি।
সভায় তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অবকাঠামো খাতের চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মাঠপর্যায়ে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, জনকল্যাণ ও উপজেলার টেকসই উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করা জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সভায় ঘিওর উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন