নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সরকারের গত ৪৭ দিনের কার্যক্রম পর্যালোচনা এবং দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর স্থায়ী কমিটির সদস্যদের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ করা হয়। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যত দ্রুত সম্ভব দলের কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে সাংগঠনিক প্রক্রিয়ার কারণে আসন্ন ঈদুল আজহার আগে কাউন্সিল সম্পন্ন করা সম্ভব নয় বিধায় এর জন্য আরও কয়েক মাস সময় প্রয়োজন হতে পারে।
বৈঠকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং দলকে চাঙা রাখতে বিভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং সরকারের ৪৭ দিনের গৃহীত প্রশাসনিক ও জনকল্যাণমূলক পদক্ষেপসমূহ স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে এই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।
সভায় সশরীরে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।
দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।
মন্তব্য করুন